
সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে ফের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের আলোচনাসভায় পাকিস্তানকে তুলোধনা করেছে ভারত।
সোমবারই জম্মু ও কাশ্মীরের আদালতে পহেলগাঁও হত্যাকাণ্ডের চার্জশিট জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। সেখানে পাকিস্তানি জঙ্গিযোগের বিষয়টি আরও জোরালো ভাবে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় রাষ্ট্রপুঞ্জে ভারতের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে শান্তিপ্রতিষ্ঠায় নেতৃত্বদান নিয়ে একটি আলোচনা চলছিল। ওই আলোচনার সময়ে জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করেন পাকিস্তানি প্রতিনিধিরা, যা তাঁরা প্রায়শই করে থাকেন। সঙ্গে সঙ্গে তাতে আপত্তি জানান রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পর্বতনেনি। ভারতীয় দূত স্পষ্ট করে দেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ উভয়েই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের মন্তব্য অপ্রাসঙ্গিক এবং অযাচিত।
এই ধরনের মন্তব্য থেকেই বোঝা যায় ভারত এবং ভারতবাসীর ক্ষতি করতে চায় পাকিস্তান।






