
প্রয়াত হয়েছেন মালদা দক্ষিণের প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরি। বুধবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ডালুর পুত্র ঈশা খান চৌধুরি মালদা দক্ষিণের বর্তমান কংগ্রেস সাংসদ। ঘটনাচক্রে, দু’দশক আগে বিধানসভা ভোটের আগে প্রয়াত হয়েছিলেন ডালুর দাদা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবিএ গনিখান চৌধুরি। দিনটি ছিল ২০০৬ সালের ১৪ এপ্রিল। ডালু সে সময় ছিলেন কালিয়াচকের বিধায়ক। দাদার মৃত্যুর পরে উপনির্বাচনে অবিভক্ত মালদা লোকসভা থেকে সাংসদ হয়েছিলেন তিনি। আসন পুনর্বিন্যাসের পরে ২০০৯, ২০১৪ এবং ২০১৯-এর লোকসভা ভোটে মালদা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হন।
২০১২-১৪ দ্বিতীয় ইউপিএ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীও হয়েছিলেন। দীর্ঘ দিন ধরে দাদা গনি খানের রাজনৈতিক সহকারী হিসাবেই পরিচিত ছিলেন ডালু।






