
এনসিআরইটি-র পাঠ্যপুস্তক বিতর্কে এ বার দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একইসঙ্গে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি।
সংবাদসংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এনসিআরইটি-র বই বিতর্ক নিয়ে গভীর দুঃখপ্রকাশ করে বলেছেন, বিচারব্যবস্থার প্রতি অগাধ শ্রদ্ধা এবং সম্মান রয়েছে। কোনও ভাবেই কোনও অসম্মান হোক, এমন অভিপ্রায় নেই। এ বিষয়ে শীর্ষ আদালত যা নির্দেশ দিয়েছেন, তা মেনেই পদক্ষেপ করা হবে। এ দিন সকালেই বিচারবিভাগের প্রতি অবমাননার মামলায় অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের বইটি সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।
আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে স্কুল শিক্ষা দফতর এবং এনসিইআরটি-র বিরুদ্ধে। বৃহস্পতিবার আদালতে ডিভিশন বেঞ্চের তরফে গোটা ঘটনাটিকে মারাত্মক অবমাননাকর এবং বেপরোয়া বলে চিহ্নিত করা হয়। বুধবারই অবশ্য জানানো হয়, সমাজে বিচারব্যবস্থার ভূমিকা সংক্রান্ত অধ্যায়টি সংশোধন করা হবে অষ্টম শ্রেণির পাঠ্য থেকে। বাদ দেওয়া হবে অবমাননাকর অংশগুলি।








