
ভারত কোনও চুক্তি করে না তাড়া খেয়ে, বা কারও চাপে পড়ে। জাতীয় স্বার্থই ভারতের একমাত্র বিবেচনা, শুক্রবার জার্মানির রাজধানীতে দাঁড়িয়ে এমনই দৃঢ় বার্তা দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।
জার্মানিতে বার্লিন গ্লোবাল ডায়ালগে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী কেমি ব্যাডেনোচের সামনেই তিনি প্রশ্ন তুললেন, রাশিয়া থেকে তেল কিনছে এমন দুই পশ্চিমী দেশকে ছেড়ে কেন টার্গেটে শুধু ভারত? জার্মানির ওই আলোচনা মঞ্চেই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী বলেছেন, ইউরোপীয় দেশগুলি নিজেরাই আমেরিকার কাছ থেকে রাশিয়ান তেলের উপর ছাড় চাইছে এবং ব্রিটেন-জার্মানি সে ছাড় পেয়েছে। তা হলে একা ভারত কেন তেল কেনা নিয়ে শুল্ক চাপে? এর পরেই ব্যাডেনোচ উল্লেখ করেছেন যে, এই ছাড়গুলি কেবল রাশিয়ান কোম্পানি রোসনেফ্টের একটি শাখার জন্য।
পাল্টা ভারতের বাণিজ্যমন্ত্রী গোয়েল বলেছেন, ভারতেরও রোসনেস্টের একটি শাখা আছে। কিন্তু তবু আমেরিকার নিষেধাজ্ঞার জন্য ভারতকে এককভাবে চিহ্নিত করা হয়েছে, যেখানে জার্মানি এবং ব্রিটেন তাদের রোসনেস্টের সহায়ক সংস্থাগুলির জন্য ছাড় চেয়েছিল। উল্লেখ্য, ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে লাগাতার চাপ দিচ্ছে আমেরিকা। এমনকী এই কারণে অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে ভারতের উপর।







