
ভারত তার নিজস্ব নীতির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ভারত এই বিশ্বব্যাপী বিপর্যয় থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবর্তিত শুল্ক নীতির উপর আড়ালে কটাক্ষ করে অর্থমন্ত্রী সতর্ক করে দেন যে, তারা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল নীতিকে ব্যহত করতে পারে। সংরক্ষণবাদী নীতির উত্থানের ফলে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার, উৎপাদন খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেছেন নির্মলা সীতারমন। ২রা এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বিশ্বের প্রায় সকল দেশের উপর একাধিক পারস্পরিক শুল্ক আরোপ করেন।
নতুন বাণিজ্য নীতি অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ ভারতীয় আমদানিতে ২৬ শতাংশ হারে কর আরোপ করা হবে। তবে, ট্রাম্প নীতিটি কার্যকর হওয়ার জন্য ৯০ দিনের অতিরিক্ত সময়সীমা প্রদান করেন যাতে চিন ছাড়া অন্য দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে পারে।








