
দক্ষিণ গাজায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েকটি ভূগর্ভস্থ ডেরায় অভিযান চালিয়েছে ইজরায়েলি সেনা। ওই অভিযানে পণবন্দি তিন ইজরায়েলি নাগরিকের দেহ মিলেছে।
ইজরায়েলি সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া তিনটি দেহ শানি লোউক, অ্যামিট বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার। দেহগুলির অবস্থা দেখে অনুমান করা হচ্ছে, বেশ কিছু দিন আগেই তাঁদের খুন করা হয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ড্যানিয়েল হগারি জানিয়েছেন, ৭ অক্টোবর দক্ষিণ গাজা লাগোয়া এলাকায় নোভা উৎসব চলাকালীন ওই তিন জনকে অপহরণ করা হয়েছিল। সম্ভবত সে দিনই তাঁদের হত্যা করে দেহ গাজায় নিয়ে যাওয়া হয়। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার বলেছেন, এই ঘটনা হৃদয়বিদারক। সমস্ত পণবন্দিকে দেশে ফিরিয়ে আনা হবে। যাঁরা জীবিত রয়েছেন এবং যাঁরা মারা গিয়েছেন, সকলকেই। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রকের খবর, এখনও পর্যন্ত গাজ়া ভূখণ্ডে ইজরায়েলি হানায় নিহত হয়েছেন অন্তত ৩৫ হাজার তিনশো মানুষ। গুরুতর ভাবে আহত ৭৯ হাজারেরও বেশি।









