
সংসদে বাদল অধিবেশন চলাকালীনই আচমকাই স্বাস্থ্যজনিত কারণে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে জগদীপ ধনখড় জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন।
একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদের ধন্যবাদ জ্ঞাপন করে জগদীপ ধনখড় জানিয়েছেন, তাঁর মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন পেয়েছেন। দায়িত্বপালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। ৭৪ বছর বয়সি জগদীপ ধনখড় আরও বলেছেন, উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। ২০২২ সালের অগাস্টে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বগ্রহণ করেছিলেন জগদীপ ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি।
তবে বেশ কয়েক দিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের মার্চে বুকে ব্যথা নিয়ে দিল্লির এমসে ভর্তি হয়েছিলেন।যদিও জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফা দেওয়ায় গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ, সোমবারও রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেছিলেন জগদীপ ধনখড়। রাতে ইস্তফার কথা জানিয়েছেন তিনি।








