
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ১২ সেপ্টেম্বরের মধ্যে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কোর্টে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত।
পাশাপাশি চন্দ্রনাথ সিনহার নামে ১৫ দিনের মধ্যে সমন জারিরও নির্দেশ দিয়েছে আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল ইডি। কিন্তু রাজভবনের অনুমোদন মিলছিল না। এবার কারামন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন রাজ্যপাল। ফলে রাজ্যপালের অনুমতি মেলায় মন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর আর কোনও বাধা রইল না। নিয়োগ মামলায় বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম সামনে আসে। এরপর একাধিকবার ইডি তলব করলেও এড়িয়ে গিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ। দিন কয়েক আগে তদন্তকারীদের মুখোমুখি হন তিনি।
এর আগে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১ লাখ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডির তদন্তকারী অফিসাররা।






