
আগুন নয়, কাজাখস্তানের আলমাতি এলাকায় আবিষ্কৃত হয়েছে বরফের আগ্নেয়গিরি। যা শুনতে অবাক হলেও সত্যি।
আর এই আগ্নেয়গিরি থেকে লাভা-ছাই নয়, বেরিয়ে আসছে বরফের টুকরো ও ঠান্ডা জল। এটি একটি প্রাকৃতিক ঘটনা বলেই মত বিশেষজ্ঞদের। বরফের চাদরের নিচে ঠান্ডা জল ঢুকলে চাপের সৃষ্টি হয়। এর ফলে বরফের মধ্যে থাকা গর্ত দিয়ে বেরিয়ে আসে অতিরিক্ত ঠান্ডা জল। যা ভূ-পৃষ্ঠে আসতেই জমে বরফ হয়ে যায়। কয়েক ঘণ্টা বা দিন লাগাতার এমন হতে পারে। কাজাখস্তানের আলমাতি এলাকায় সম্প্রতি ৪৫ ফুট লম্বা বরফ আগ্নেয়গিরি প্রত্যক্ষ করেছেন সবাই। কৌতূহলীরা বরফ আগ্নেয়গিরি দেখতে ভিড় জমাচ্ছেন। যদিও এই ঘটনাটি কাজাখস্তানে প্রথমবার ঘটেনি। ২০২০ সালেও ছোট একটি বরফ আগ্নেয়গিরি দেখা গিয়েছিল।
তবে এবারেরটা আকারে আগেরটার চেয়ে অনেকটা বড়। বরফ আগ্নেয়গিরি কমপক্ষে এক বা দুই দিন স্থায়ী হতে পারে।
ছবি সৌজন্যে : এক্স









