
ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের নিউজ আংকর পিট হেগসেথকে তার প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন।মার্কিন সেনেটের অনুমোদন পেলে ৪৪ বছর বয়সী হেগসেথই হবেন আমেরিকার পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী।
এর আগে,নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে জেনারেলরা প্রগতিশীল নীতি অনুসরণ করে সামরিক বাহিনীর পদগুলোতে বৈচিত্র্যের প্রয়োগ ঘটাচ্ছেন মার্কিন বাহিনীকে তাদের থেকে মুক্ত করবেন তিনি।এদিকে, আমেরিকার রক্ষণশীলরাও সামরিক বাহিনীর এ বৈচিত্রের বিরোধিতা করেছেন। রক্ষণশীল হেগসেথও সেই ধারার মানুষ আর তিনি পরবর্তী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হলে তা ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে সঠিক নির্বাচন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।তবে এমন হলে হেগসেথের সঙ্গে আমেরিকার সামরিক বাহিনীর প্রধান জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, বিমান বাহিনীর জেনারেল চার্লস কিউ. ব্রাউনের দ্বন্দ্ব বাঁধতে পারে বলে অনুমান। পদাধিকার বলে তিনি আমেরিকার প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ সামরিক উপদেষ্টা। অন্যদিকে যুদ্ধবিমানের প্রাক্তন পাইলট ব্রাউনের প্রশান্ত মহাসাগরে ও মধ্যপ্রাচ্যে বাহিনীর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে কোটি কোটি ডলার ব্যয় করে সাহায্য করা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক নতুন সরকারের প্রভাবশালী পদে নিয়োগ হতে যাচ্ছেন।নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারকে আরও দক্ষ করতে সরকারি দক্ষতা বিভাগ নামে নতুন একটি বিভাগ তৈরি করে এর সহপ্রধান হিসেবে মাস্ককে নিয়োগ করেছেন। বিভাগটিতে মাস্কের পাশাপাশি আরেক সহপ্রধান হিসেবে থাকবেন প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামস্বামী।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ইলন মাস্ক ও রামস্বামী তাঁর প্রশাসনে সরকারি আমলাতন্ত্র, অতিরিক্ত প্রবিধান বাদ দেওয়া, অপব্যয় হ্রাস এবং ফেডারেল সংস্থাগুলো পুনর্গঠনের পথ প্রশস্ত করবে।









