
২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে মোট ভোটের ২৫ লক্ষ জাল ভোট হয়েছে বলে দাবি করে একযোগে বিজেপি-কমিশনকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন, সিস্টেমেটিক ম্যানিপুলেশনের জেরে হরিয়ানায় কংগ্রেসের জয় পরাজয়ে পরিণত হয়েছে।
যে অভিযোগকে ১০০ শতাংশ প্রমাণ বলে উল্লেখ করেছেন কংগ্রেস সাংসদ। রাহুল বলেছেন, হরিয়ানায় ২ কোটি ভোটার আছে। তার মধ্যে ২৫ লক্ষ জাল। রাজধানীতে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তোলার পাশাপাশি তিনি দাবি করেন, ৫.২১ লক্ষ ডুপ্লিকেট ভোটার খুঁজে বের করেছে তাঁর দল। রাহুলের অভিযোগ, হরিয়ানায় প্রত্যেক আট ভোটারের মধ্যে একজন জাল।
রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে, কমিশন সচেতনভাবে সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে, যা এই ভোট চুরির প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারত। তিনি প্রশ্ন তুলেছেন, ২ মিনিটের কাজেই একই ছবির সমস্ত ভোটারের নাম বাতিল করা সম্ভব ছিল। কিন্তু কেন কমিশন এটি করেনি? তার যুক্তি, কমিশন চায়নি যে ভোট প্রক্রিয়া স্বচ্ছ হোক।






