
লাদাখের ধৃত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে লিখেছেন, গীতাঞ্জলি, সবাই আপনার সঙ্গে রয়েছে।
সুপ্রিম কোর্টে দ্রুতই সুরাহা মিলবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।উল্লেখ্য, যোধপুরে জেলবন্দী সোনাম ওয়াংচুকের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। সোনমের গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছেন তিনি। এর পাশাপাশি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবীন্দ্র গুপ্তকে চিঠি লিখে তাঁর স্বামীর অবিলম্বে মুক্তি চেয়েছেন গীতাঞ্জলি। চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন, জনগণের স্বার্থকে সমর্থন করা কি পাপ? সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, সোনাম ওয়াংচুকের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস আবেদন করেছেন।
এক সপ্তাহ হয়ে গিয়েছে। তবুও তাঁর কাছে ওয়াংচুকের স্বাস্থ্য, তাঁর অবস্থা বা আটকের কারণ সম্পর্কে কোনও তথ্য নেই। উল্লেখ্য, লাদাখে অশান্তির তিন দিন পরে গত ২৬ সেপ্টেম্বর ওয়াংচুককে গ্রেফতার করা হয়েছে। সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে বলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন জানিয়েছে।









