
যৌন কেচ্ছার ডায়েরি, এপস্টেইন ফাইলে নিজের নাম না থাকলেও তুমুল হেনস্তার শিকার হলেন নিউ ইয়র্কে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। মার্কিন বিচার দপ্তর এপস্টেইন মামলায় বেশ কিছু নতুন ফাইল প্রকাশ করেছে।
সেখানেই মামদানির মা বিখ্যাত চিত্র পরিচালক মীরা নায়ারের নাম রয়েছে। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত ম্যাক্সওয়েলের বাড়িতে আয়োজিত পার্টিতে গিয়েছিলেন ইন্দো-মার্কিন পরিচালক। মীরার নতুন ছবির প্রিমিয়ার এবং আফটার পার্টি ছিল বলেই এক ইমেলে দাবি করা হয়েছে। তবে তার চেয়ে বেশি কোনও তথ্য মেলেনি। ওই পার্টিতে মীরার সঙ্গে হলিউডের আরও অনেক তারকা ছিলেন বলেও জানা গিয়েছে।এপস্টেইন ফাইলে মীরার নাম রয়েছে, সেটা প্রকাশ হতেই জনরোষের মুখে পড়েন নিউ ইয়র্কের মেয়র। তাঁর বাড়ি ঘিরে ধরেন আমজনতা। মাইক হাতে নিয়ে ক্রমাগত ‘শেম শেম’ ধ্বনি তুলতে থাকেন। তবে গোটা বিষয়টি নিয়ে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি মুখ খোলেননি। তবে তাঁর বাড়ি ঘিরে প্রবল জনরোষের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। এদিকে,এপস্টেইন ফাইলের গোপন ছবি ও ইমেল প্রকাশ্যে আসতেই কালির ছিটে লেগেছে ব্রিটিশ রাজপরিবারে। ডোনাল্ড ট্রাম্প, বিল গেটসদের মতো একের পর এক ধনকুবেরের পাশাপাশি যৌন কেচ্ছায় নাম জড়িয়েছে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের।
এপস্টেইন ফাইলের সদ্য প্রকাশিত নথিতে জানা গিয়েছে, যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে নিজের দুই কন্যা প্রিন্সেস ইউজেনি ও বিট্রিসের ছবি পাঠিয়েছিলেন অ্যান্ড্রু।









