
মাত্র চার মাস আগে বিয়ে হয়েছে। তার মধ্যেই পারিবারিক অশান্তিতে মাকেই খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের গোকর্ণী এলাকায় ঘটনার জেরে শোরগোল পড়েছে। জানা গিয়েছে আতাউল্লা গাজির বিয়ের চারমাসের মধ্যেই ঝগড়া করে বাপের বাড়ি চলে যায় তাঁর স্ত্রী। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য এরপর মাকে চাপ দিতে থাকে আতাউল্লা। কিন্তু তাতে কর্ণপাত করেননি আতাউল্লার মা। তাতেই সব ক্ষোভ গিয়ে পড়ে মায়ের ওপর। অভিযোগ সেই রাগেই মাকে কুপিয়ে খুন করে আতাউল্লা। ঘটনার পর থেকে ধামুয়া এলাকায় লুকিয়ে ছিলেন আতাউল্লা।
মগরাহাট থানার দাবি কিছুটা মানসিক সমস্যা রয়েছে আতাউল্লার। সেই কারণেই তাঁর স্ত্রী চলে গিয়েছিলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ।









