
এখনই ফাঁসি হচ্ছে না ইয়েমেনে বন্দি কেরালার বাসিন্দা নিমিশা প্রিয়ার। বুধবার তাঁর ফাঁসি হওয়ার কথা ছিল। আপাতত তা স্থগিত করে রাখা হয়েছে, নতুন কোনও দিন স্থির করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয় বলেই বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর। গত সোমবার শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
কিন্তু ভারতেরও কূটনৈতিক পন্থা অবলম্বনের একটা সীমা রয়েছে। তার বাইরে সরকার যেতে পারে না। জানা যাচ্ছে, কেন্দ্র সম্ভাব্য সমস্ত রকম দিক খতিয়ে দেখছে। সূত্রে দাবি, অবশেষে সফল হয়েছে আলোচনা। ২০১৭ সালে তার ব্যবসায়িক সঙ্গীকে হত্যার অভিযোগে ওই বছর থেকেই ইয়েমেনে বন্দি রয়েছে ভারতীয় নার্স নিমিশা। ২০১৮ সালে ওই মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল ইয়েমেনের আদালত।
তাঁর প্রাণ বাঁচাতে এত বছর ধরে আইনি লড়াই চালিয়ে এসেছে নিমিশার পরিবার। প্রবাসী ভারতীয় ওই যুবতীর প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পৌছালে তা খারিজ করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছিলেন সে দেশের প্রেসিডেন্ট রশিদ মহম্মদ আল আলিমি। এই পরিস্থিতিতে প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করতে তৎপর হয় বিদেশমন্ত্রক।








