
ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়নশিপ জিতল উত্তর কোরিয়া। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়।পরে টাইব্রেকারে স্পেনকে ৪-৩ ব্যবধানে হারায় উত্তর কোরিয়া।
এ নিয়ে তৃতীবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল উত্তর কোরিয়া। ৪২ দিন আগে জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়নশিপ জিতেছে উত্তর কোরিয়ার মেয়েরা। সেটিও ছিল অনূর্ধ্ব-২০ মহিলা দলের তৃতীয় চ্যাম্পিয়নশিপ। জার্মানি এবং আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়াও এখন সেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল।ফেলিক্স সানচেজ স্টেডিয়ামের ফাইনালে পুরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন উত্তর কোরিয়ার গোলরক্ষক পার্ক জু গোং। স্পেনের মেয়েদের গোল বঞ্চিত করেছেন তিনবার। টাইব্রেকারেও একটি শট ঠেকিয়েছেন। স্পেনের অন্য শট গোলবারের অনেকটা বাইরে দিয়ে চলে যায়।দু’ দলের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। দ্বিতীয়ার্ধে লিড নেয় স্পেন। ৬১ মিনিটে সেলিয়া রদ্রিগেজের ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে লিড পায় স্প্যানিশ মেয়েরা।
তার ৫ মিনিট পরেই সমতায় ফেরে উত্তর কোরিয়া। ৬৬ মিনিটে ইল চং জনের গোলে সমতায় ফেরে তারা। এরপর আর কোনও গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জেতে উত্তর কোরিয়া।









