
দিল্লিতে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় জড়িতদের কঠোরতম শাস্তির পক্ষে সওয়াল করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটির সঙ্গে উমর মহম্মদ ওরফে উমর-উন-নবি নামে এক কাশ্মীরি চিকিৎসকের নাম উঠে এসেছে।
এ অবস্থায় সাধারণ কাশ্মীরিদের হয়ে সওয়াল করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের সকলেই জঙ্গি নন। কাশ্মীরের প্রত্যেক বাসিন্দা সন্ত্রাসবাদকে সমর্থন করেন না। শুধুমাত্র হাতেগোনা কিছু মানুষই সেখানে শান্তি এবং সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছেন, মুষ্টিমেয় কিছু মানুষের কাজকর্মকে জম্মু ও কাশ্মীরের সাধারণ শান্তিপ্রিয় বাসিন্দাদের সঙ্গে জুড়ে দেওয়া উচিত নয়। অপরাধী এবং সাধারণ মানুষের মধ্যে ফারাক বোঝা প্রয়োজন বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী ওমর।








