
আইফোন ইউজারদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হোয়াটসঅ্যাপ আনল নতুন কিছু আপডেট। এখন থেকে এক ডিভাইসেই চালানো যাবে দুটি অ্যাকাউন্ট।নিজেদের মেসেজিং প্ল্যাটফর্মে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ, যা ইউজারদের অভিজ্ঞতাকে আরও সহজ করবে।যার মধ্যে সবচেয়ে প্রতীক্ষিত ফিচারটি হচ্ছে একটি আইফোনে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ।
অ্যান্ড্রয়েড ফোনে এ সুবিধাটি বেশ কয়েক বছর ধরে থাকলেও আইফোন ইউজাররা এখন থেকে একসঙ্গে দুটি আলাদা অ্যাকাউন্টে লগড ইন থাকতে পারবেন।ইউজার বর্তমানে কোন অ্যাকাউন্ট থেকে মেসেজ করছেন তা নিশ্চিত করতে অ্যাপের নিচে থাকা ট্যাবে ওই অ্যাকাউন্টের প্রোফাইল ছবিও দেখা যাবে।অন্যান্য নতুন ফিচারের মাধ্যমে এখন এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে বা একই ধরনের ডিভাইসের মধ্যে চ্যাটিং হিস্ট্রি বা মেসেজ আদান-প্রদান করা আরও সহজ হবে।এ চ্যাটিং ট্রান্সফার ফিচারের ফলে নতুন ফোন কেনার পর পুরানো বিভিন্ন মেসেজ ফিরে পাওয়া সহজ হবে, বিশেষ করে ইউজার যদি আইফোন থেকে অ্যান্ড্রয়েড বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে বদল করেন সেক্ষেত্রেও।এ ছাড়া স্টোরেজ খালি রাখার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাটিং থেকে সরাসরি বড় বিভিন্ন ফাইল মুছে ফেলার নতুন অপশনও যোগ করেছে মেটা মালিকানাধীন অ্যাপটি।
সেক্ষেত্রে,কোনো চ্যাটিংয়ের নামের ওপর ট্যাপ করে ম্যানেজ স্টোরেজ অপশনে গিয়ে এ সুবিধাটি পাওয়া যাবে। এখান থেকে ইউজার চাইলে কেবল মিডিয়া ফাইল যেমন ছবি বা ভিডিও মুছে ফেলার সুবিধাও পাবেন।









