
কলকাতায় আবার রহস্যমৃত্যু। এবার পাটুলির বাড়ি থেকে সত্তরোর্ধ্ব বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতা বছর ৭২-র মালবিকা মিত্র।
পাটুলির বিদ্যাসাগর কলোনিতে ছেলের সঙ্গে থাকতেন তিনি। বৃদ্ধার প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ ওই বাড়ি থেকে তাঁরা ধোঁয়া বার হতে দেখেন। ধোঁয়া দেখে সন্দেহ হওয়ায় সেখানে যান কয়েক জন। তাঁরা দেখেন, ঘরের ভিতরে পড়ে আছেন বৃদ্ধা। তাঁর গায়ে আগুন ধরে গিয়েছে। তাঁর মুখের উপর একটি বালিশ চাপা দেওয়া ছিল বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। সায়েন্টিফিক উইংয়ের সদস্যেরাও পাটুলিতে গিয়েছেন।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার ছেলে ঘটনাস্থলে ছিলেন না। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।








