
ভুয়ো বিবাহ শংসাপত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে বলে নতুন অভিযোগ তুলেছে বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে দাবি করেছেন, পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিকদের পশ্চিমবঙ্গে এনে, তাঁদের নামে ভুয়ো বিবাহ শংসাপত্র তৈরি করে, ভোটার তালিকায় তাঁদের অন্তর্ভুক্তি ঘটানো হচ্ছে।
তৃণমূল অবশ্য ফের নস্যাৎ করেছে বিজেপির এই অভিযোগ। সচিত্র ভোটার পরিচয়পত্র সংক্রান্ত গরমিল মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্নিত করার আগে পর্যন্ত বিজেপির এ সব অভিযোগ কোথায় ছিল? প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দু’টি বিবাহ শংসাপত্রের প্রতিলিপি সংবাদমাধ্যমকে দেখিয়ে জগন্নাথ দাবি করেছেন, ভুয়ো নথি এবং ভুয়ো স্বাক্ষরের মাধ্যমে এই সব শংসাপত্র তৈরি করা হয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা মহিলাদের জন্য এই সব ভুয়ো বিবাহ শংসাপত্র তৈরি করানো হয়েছে বলে তাঁর অভিযোগ। ওই বিবাহ শংসাপত্র পাওয়ার জন্য নথি হিসেবে তাঁরা আধার কার্ড জমা দিয়েছিলেন বলেও বিজেপি নেতার দাবি। ভুয়ো বিবাহ শংসাপত্র তৈরি করে ভোটার তালিকায় নাম তোলানোর জন্য রাজ্যে একটি চক্র সক্রিয় রয়েছে বলে বিজেপির দাবি।
জগন্নাথের অভিযোগ, বীজপুর থানায় এই ব্যাপারে এফআইআর হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ সেই এফআইআর চেপে দেওয়ার চেষ্টা করছে।









