
পাকিস্তানে গেলে মনে হয় নিজের বাড়ি চলে এসেছেন, এই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। তাঁর এই মন্তব্যে রাজনীতির পারদ চড়ছে।
শুক্রবার বিজেপি কংগ্রেসের উপর তীব্র আক্রমণ করেছে, পহেলগাম হামলার প্রেক্ষাপটে স্যাম পিত্রোদার পাকিস্তানে নিজের ঘরে থাকার অনুভূতি মন্তব্যকে দেশবিরোধী এবং সৈন্যদের প্রতি অপমান বলে অভিহিত করেছে। এক সংবাদ সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলেছেন, পিত্রোদার মন্তব্য পাকিস্তানের প্রতি কংগ্রেসের নরম দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে। প্রদীপ ভান্ডারীর কথায়, রাহুল গান্ধীর নয়নের মণি, কংগ্রেস ওভারসিজের প্রধান স্যাম পিত্রোদা বলছেন তিনি পাকিস্তানকে নিজের বাড়ির মতো অনুভব করেন। সেই কারণেই মনে হয় ২৬/১১ হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ইউপিএ সরকার কোনও পদক্ষেপ করেনি। আসলে পিত্রোদা পাকিস্তানের খুব প্রিয়।
উল্লেখ্য, পিত্রোদার এহেন বেফাঁস মন্তব্যই বারবার বিজেপির হাতে অস্ত্র তুলে দেয় কংগ্রেসকে আক্রমণ করার জন্য। পিত্রোদার কথার ভিত্তিতেই বারবার কংগ্রেসকে জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষতিকারক বলে তোপ দেগেছে বিজেপি। চলতি বছরের শুরুতেই তিনি বলে বসেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া উচিত।






