
শনিবার অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশি হাজিরা এড়ালেও পার্টি অফিসে বহাল তবিয়তে বৈঠক করেছেন অনুব্রত মণ্ডল।
অডিও ক্লিপকাণ্ডে শনিবার এসডিপিও অফিসে হাজিরার নোটিস দেওয়া হলেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি। কিন্তু সেই কেষ্টকেই দুপুরে বোলপুরের পার্টি অফিসে দেখা গিয়েছে বৈঠক করতে। এদিকে হাজিরা এড়ানোয় অনুব্রত মণ্ডলকে রবিবার ফের বোলপুর এসডিপিও অফিসে যেতে নোটিস দিয়েছে পুলিশ। বোলপুর থানার আইসি লিটন দাস এবং তাঁর পরিবারকে অশ্রাব্য ভাষায় গালাগালি এবং হুমকি দেওয়ার অডিও ক্লিপ ভাইরাল হতেই শুক্রবার তোলপাড় হয় রাজ্য রাজনীতি। তাঁর দল তৃণমূলও অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার সময় বেধে দেয়। সেইমত ক্ষমাও চেয়ে নেন বীরভূমের তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি শনিবার এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়। কিন্তু শনিবার আইনজীবী পাঠিয়ে অসুস্থতার কারণে হাজিরা দিতে পারবেন না বলে জানান অনুব্রত মণ্ডল। এরপর তৃণমূল নেতাকে হাজিরা দেওয়ার জন্য দ্বিতীয় নোটিস দেওয়া হয়। রবিবার সকাল ১১টায় বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।
এদিকে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবিতে সাঁইথিয়া এবং রামপুরহাট থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।









