
বাংলাদেশে জেলেবন্দি অবস্থায় মৃত্যু হয়েছে এক সঙ্গীতশিল্পীর। বলা হচ্ছে প্রলয় চাকী ছিলেন পদ্মাপাড়ের প্রখ্যাত সঙ্গীতশিল্পী। পাশাপাশি তিনি পাবনা আওয়ামি লিগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ১৬ ডিসেম্বর সকালে তাঁকে পাথরতলার বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে পাবনা জেলা কারাগারে ছিলেন প্রলয়। বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। গত বছরের ৪ আগস্টের একটি বিস্ফোরক মামলায় ৬০ বছরের সঙ্গীতশিল্পীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রশাসনের দাবি, তিনি হৃদ্রোগ ও ডায়াবেটিস-সহ একাধিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার সকালে কারাগারের মধ্যেই অসুস্থ হয়ে পড়লে তাঁকে পাবনা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রলয়। এদিকে বাংলাদেশে বর্তমান নিষিদ্ধ দল আওয়ামি লিগের নেতাদের দাবি, বন্দি অবস্থায় নির্যাতন করা হয়েছিল সঙ্গীতশিল্পীকে। অন্যদিকে প্রলয় চাকীর পরিবারের দাবি, কারাগারে যথাযথ চিকিৎসার অভাবে অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে।








