
মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি মর্গ্যান আমেরিকায় মন্দার পূর্বাভাস দিয়েছে। চলতি বছরেই আমেরিকান অর্থনীতি মন্দার মুখোমুখি হতে পারে বলে তাদের অনুমান। সেই সঙ্গে দেশ জুড়ে বেকারত্বের পরিমাণও বেড়ে যাবে। জেপি মর্গ্যানের প্রধান অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে আমেরিকার মোট অভ্যন্তরীণ উৎপাদন,গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস বা জিডিপি সঙ্কুচিত হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণেই এই সমস্যার সম্মুখীন হতে চলেছে মার্কিন অর্থনীতি।
এদিকে যদি আমেরিকায় মন্দা হয়, সে ক্ষেত্রে তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও।সারা বিশ্বে মন্দার সম্ভাবনা ৬০ শতাংশ, জানিয়েছে জেপি মর্গ্যান। অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি র কথায়, শুল্কের চাপে আমেরিকার জিডিপি সঙ্কুচিত হতে পারে বলে আশঙ্কা করছেন। গত বছর আমেরিকার জিডিপি বৃদ্ধির হার ছিল ১.৩ শতাংশ।চলতি বছরে আমেরিকা ০.৩ শতাংশের বেশি বৃদ্ধি আশা করছেন না। যা আগের বছরের তুলনায় বেশ খানিকটা কম।” মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল জানিয়েছে, আমেরিকায় বেকারত্ব বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছেন ফেরোলি। তিনি জানিয়েছেন, চলতি বছরে আমেরিকার অর্থনীতি মন্দার মুখোমুখি হলে বেকারত্বের হার ৫.৩ শতাংশে পৌঁছে যেতে পারে।
ট্রাম্পের এই শুল্ক সংক্রান্ত ঘোষণার পরেই আমেরিকা তথা বিশ্বের বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।আমেরিকার শেয়ার বাজারে ধস নেমেছে। গত ১১ মাসে এই পরিমাণ ধস যেখানে দেখা যায়নি। মাত্র দু’ ধাপে ৫ লক্ষ ৪০ হাজার কোটি বাজারমূল্য নষ্ট হয়েছে।অন্যদিকে,শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশ থেকে আমেরিকার আমদানির পরিমাণ অনেক কম হবে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞেরা। তাঁদের পূর্বাভাস, আমদানি কমতে পারে অন্তত ২০ শতাংশ। সার্বিক ভাবে মার্কিন অর্থনীতিতে এর প্রভাব পড়বে।









