
পাকিস্তান থেকে খুনের হুমকির পরেই প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভের সঙ্গমে ডুব দিয়েছেন কোরিওগ্রাফার রেমো ডি’সুজা। সঙ্গে গিয়েছেন তাঁর স্ত্রী লিজেল ডি’সুজাও। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিয়েছেন রেমো ডি’সুজা।
সম্পূর্ণ কালো বস্ত্রে মহাকুম্ভে গিয়ে ধ্যান করতে দেখা যায় কোরিওগ্রাফারকে। মহাকুম্ভে যাওয়ার আগে নিজের মুখ কালো চাদরে ঢেকে রেখেছিলেন তিনি। নদীতে ডুব দেওয়ার সময়ে নজরে আসে তাঁর গলার রুদ্রাক্ষের মালা। জোড় হাত করে সূর্যপ্রণাম করেন তিনি। স্বামী কৈলাসনন্দ গিরি মহারাজের থেকেও আশিস চান তিনি। পাকিস্তান থেকে হুমকি আসার দু’দিন পরেই মহাকুম্ভে রেমো ডি’সুজার ভ্রমণ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তাঁর অনুরাগীরা।শুধু রেমো ডি’সুজা নয় এবার মহাকুম্ভে পুণ্যস্নান সেরেছেন অলিম্পিয়ান বক্সার এমসি মেরি কমও। পরে তিনি বলেছেন, সংস্কৃতি ও ঐতিহ্যকে তিনি সম্মান করেন।
সে কারণেই মহাকুম্ভের অভিজ্ঞতা লাভ করতে তিনি প্রয়াগরাজে পৌঁছেছেন। মহাকুম্ভ মেলা প্রথমবার তিনি দেখলেন। সুন্দর ব্যবস্থাপনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ।






