
এসএসকেএমের বিতর্কিত চিকিৎসক ডাক্তার অভীক দে-র বিরুদ্ধে জমা পড়েছে রিপোর্ট। তাঁর বিরুদ্ধে ওঠা ভূরি ভূরি অভিযোগ খতিয়ে দেখতে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাক্তার উৎপল দাঁয়ের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গড়েছিল স্বাস্থ্যভবন।
বুধবার সেই কমিটি এসএসকেএমের অধিকর্তা ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট জমা দিয়েছে।এবার সেই রিপোর্ট যাবে স্বাস্থ্যভবনে। উল্লেখ্য ডাক্তার অভীক দে-র বিরুদ্ধে ৩২ দফা অভিযোগ ছিল।এর মধ্যে যেমন ছিল দুবছর ধরে নিয়মিত ক্লাস না করা, হাজিরা না দেওয়া, রিপোর্ট জমা দেয়নি, বায়োমেট্রিক কাজ না করা, রোগী না দেখা, থ্রেট কালচার, মর্গে দুর্নীতির মতো বহু অভিযোগ। সূত্রের দাবি, চিকিৎসক অভীক দে লিখিতভাবে অভিযোগ স্বীকার করে নিয়েছেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো এই রিপোর্ট যাবে স্বাস্থ্যভবনে।তবে রেডিওথেরাপি বিভাগের এই ডাক্তারের ভবিষ্যৎ কী, তা ঠিক করবে স্বাস্থ্য প্রশাসন।
তিনি কতটা শাস্তি পাবেন, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।উল্লেখযোগ্য, আরেক বিতর্কিত ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও রিপোর্ট জমা পড়েছে। তবে তাঁর ভবিষ্যৎ ঠিক করেতে আরও কয়েকজনের সাক্ষ্যগ্রহণ বাকি রয়েছে। তার পর ঠিক হবে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের ভবিষ্যত।






