
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মোথাবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতা সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি আব্দুস সালাম।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদা মোথাবাড়ি থানার পুলিশ বাড়ি থেকে গ্রেফতার করেছে তাকে। পুলিশ সূত্রে খবর, তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ। কি কারনে আগ্নেয়াস্ত্রগুলি বাড়িতে মজুদ করেছিল তৃণমূল নেতা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম মহম্মদ সামসেদ আলি।
তাঁর কাছ থেকে উদ্ধার হয় তিনটি সেভেন এম এম পিস্তল, পাঁচটি ম্যাগজিন ও দশ রাউন্ড তাজা গুলি। আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত করে দেখছে এসটিএফ এবং সামশেরগঞ্জ থানার পুলিশ।
ছবি সৌজন্যে : নিজস্ব









