
ফি বছর ইদ মানেই মন্নত কিংবা গ্যালাক্সির সিংহদুয়ারে জনঅরণ্য। যদিও চলতিবারে শাহরুখহীন মন্নত, তবে গ্যালাক্সির দরবারে চেনা ছন্দে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন সলমন খান।
উপরি পাওনা, সেলিম খানের দর্শন। সম্প্রতি প্রবীণ চিত্রনাট্যকারের ভেন্টিলেশনে থাকার কথা জানা গিয়েছিল। তবে দিন কয়েক বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে লড়াইয়ের পর অবেশেষে বাড়িতে ফিরেছেন সেলিম খান। তাঁর প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবেই চলতিবারের ইদ খান পরিবারের কাছে আরও স্পেশাল হয়ে উঠেছে। আর সেই প্রেক্ষিতেই উদ্বিগ্ন ফ্যান ফলোয়ারদের আশ্বস্ত করতে বাবাকে নিয়েই গ্যালাক্সির বারান্দায় দেখা দিয়েছেন বলিউডের সুলতান। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত প্রকাশ্যে আসতেই ফ্যানদের উল্লাস। ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, পরিবার বেষ্টিত হয়ে ইদের আমেজ উপভোগ করছেন সেলিম খান। সম্প্রতি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন নবতিপর চিত্রনাট্যকার। তবে ইদের আগেই সেলিমের বাড়িতে ফেরার কথা শোনা গেলেও তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছিল মায়ানগরীতেও। এবার ইদের দর্শনেই সব কৌতূহলের অবসান। ছেলে সলমনের হাত ধরে হুইল চেয়ারে বসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় এসেছেন।
আর এসেই উপস্থিত অনুরাগীকুলের উদ্দেশে হাত নাড়তে দেখা গিয়েছে সেলিম খানকে। পাশেই সন্তানদের নিয়ে দাঁড়িয়ে আরবাজ খান, সোহেল খানরা,আলভিরা, অর্পিতারা। দেখা গিয়েছে, সলমনের মা সালমা খানকেও। চিরাচরিত ভঙ্গিতে চুমু ছুঁড়ে আদাব-নমস্কারে লাইমলাইট কেড়েছেন ভাইজান। আর একফ্রেমে গোটা খান পরিবারকে দেখেই ফ্যান ফলোয়ারদের উল্লাস, এবার ইদের ষোলো কলা পূর্ণ হল।









