
রাজ্যের উপনির্বাচনে ৬ আসনেই সবুজ ঝড়। মাদারিহাটও প্রথমবার দখলে নিয়েছে তৃণমূল। সকালে গণনা শুরু হতেই আভাস মিলেছিল সবুজ ঝড়ের। বেলা যত বেড়েছে ততই স্পষ্ট হয়েছে ফলাফলে।
এরপরেই সবুজ আবির, পটকা, ব্যান্ড-তাসায় উৎসবে মেতেছে তৃণমূলের কর্মী সমর্থকরা। বাঁকুড়ায় প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের গাড়ি ঘিরে তৃণমূলের বিজয় উল্লাস, নৈহাটিতে বিজেপি প্রার্থীকে জয় বাংলা স্লোগান, মেদিনীপুরে সেলিব্রেশন, তালডাংরায় বাইক মিছিল। একেবারে উৎসবের মুডে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
সিতাইয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়, হাড়োয়ায় শেখ রবিউল ইসলাম ১ লাখ ৩০ হাজারেরও বেশি ভোটে প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন। সব মিলিয়ে ৫ টি আসন তো তৃণমূলের ছিলই, মাদারিহাটও হাতছাড়া হয়ে গেল বিজেপির।









