
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ঝাড়খণ্ড সরকার এবং অভিযোগকারীকে নোটিস জারি করেছে শীর্ষ আদালত।
২০১৯ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুনি বলে নিশানা করার অভিযোগ উঠেছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। এই মন্তব্য়ের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন ঝাড়খণ্ডের এক বিজেপি নেতা। মানহানির মামলা খারিজ করার আবেদন জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু রাহুল গান্ধীর আবেদন খারিজ করে মানহানির মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট। এরপরই ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।সোমবার সেই মামলাতেই স্বস্তি পেয়েছেন রাহুল গান্ধী।
পাশাপাশি ঝাড়খণ্ড সরকার ও বিজেপি নেতা নবীন ঝা, যিনি অভিযোগ দায়ের করেছিলেন, তাদের নোটিস পাঠানো হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে হবে। ছয় সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।








