
ডুবোজাহাজ, লড়াকু জেট থেকে ড্রোন। রেডার কিংবা লেজার হাতিয়ার। জার্মানির সঙ্গে যৌথ উদ্যোগে অত্যাধুনিক অস্ত্র তৈরিতে আগ্রহী ভারত।
এই সংক্রান্ত সমঝোতায় চূড়ান্ত সিলমোহর দিতে তিন দিনের বার্লিন সফরে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই খবর প্রকাশ্যে আসতেই হু-হু করে বাড়ছে সামরিক সরঞ্জাম নির্মাণকারী সংস্থাগুলির স্টকের দর। এর জেরে অস্থির বাজারেও লগ্নিকারীদের মুখের হাসি যে চওড়া হয়েছে, তা বলাই বাহুল্য।চলতি বছরের ২১ এপ্রিল, মঙ্গলবার বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ছ’শতাংশ বৃদ্ধি পায় প্রতিরক্ষা শেয়ারের দাম। দিনভর মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড, জেন টেকনোলজিস লিমিটেড, ডেটা প্যাটার্নস, অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ এবং এমটার টেকের মতো সংস্থাগুলির সূচককে ঊর্ধ্বমুখী থাকতে দেখা গিয়েছে।
সূত্রের খবর, এ বারের জার্মানি সফরে ভারতীয় নৌবাহিনীর জন্য ছ’টি স্টেলথ শ্রেণির ডুবোজাহাজের চুক্তি চূড়ান্ত করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর জন্য বার্লিনে ৫০০ কোটি ইউরোর একটি সমঝোতা হওয়ার কথা রয়েছে।









