
তৃণমূল থেকে সাসপেন্ডের পর এ বার খুনের চেষ্টার অভিযোগে আরাবুল ইসলাম এবং পুত্র হাকিমুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তৃণমূল নেতারা। জানা গিয়েছে, বিজয়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
তাতে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া আরাবুলে বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন ভাঙড়-১ ব্লকের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আহছান মোল্লা। অভিযোগে নাম রয়েছে, আরাবুলের ছেলে জেলা পরিষদের সদস্য হাকিমুলেরও। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে শুক্রবার আরাবুলকে সাসপেন্ড করেছে তৃণমূল। তৃণমূল সূত্রের খবর, সেদিনকার ঘটনায় আরাবুলের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট করেন ভাঙড়ের পর্যবেক্ষক শওকত।
তিনি নাকি এ-ও জানান, আরাবুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে তাঁকে যেন ভাঙড়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, সাসপেন্ডের পর থেকে মুখে কুলুপ আরাবুলের। তাঁদের নামে থানায় অভিযোগ দায়ের নিয়ে আরাবুল বা তাঁর পুত্র, কেউই কোনও মন্তব্য করতে চাননি।






