
ইরানের সঙ্গে যুদ্ধ আর দু’তিন সপ্তাহেই শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার স্থানীয় সময় বুধবার রাতে হোয়াইট হাউস থেকে ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তৃতা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের সামরিক শক্তির উপর বিধ্বংসী আঘাত হেনেছে। খুব শীঘ্রই যুদ্ধ শেষ হবে। ইরান আর দু’তিন সপ্তাহের বেশি লড়াই চালিয়ে নিয়ে যেতে অক্ষম। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ রাতে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গিয়েছে। সে দেশের বিমান বাহিনীও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ইরানের অধিকাংশ নেতাই এখন মৃত।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর কমান্ড এবং কন্ট্রোল ব্যবস্থা এই মুহূর্তে ধূলিসাৎ করা হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের ক্ষমতাও এখন আর তত শক্তিশালী নেই। ইরানের অস্ত্র কারখানা ও রকেট লঞ্চারগুলি টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়া হচ্ছে। জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণে ইরানের পাশাপাশি ভেনেজ়ুয়েলার প্রসঙ্গেও কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দ্রুত গ্রেফতার করার অভিযানের জন্য মার্কিন সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।









