
রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়ার পাতায় রবিবার কিছু টুকরো টুকরো অশান্তির ছবি একত্রিত করে পোস্ট করা হয়। ওই পোস্টটি ফেক বলে জানিয়েছে রাজ্য পুলিশ।
বিজেপির পোস্টে ঘটনাগুলি বিভিন্ন ধর্মীয় উৎসবের সময়ের দাবি করা হয়েছিল। এর পরেই রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়ার পাতায় পাল্টা একটি পোস্ট করা হয়েছে। রাজ্য পুলিশের দাবি, বিজেপির পোস্টটি ভুয়ো, ঘটনাগুলির বেশির ভাগ নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময়ের বলে দাবি পুলিশের। শুধু তাই নয়, গুজব বা ভুয়ো খবর রুখতে কিছু পদক্ষেপও করেছে পুলিশ। যদিও ওই ছবিগুলির সত্যতা যাচাই করেনি এস নিউজ বিজেপির পোস্ট করা ছবিগুলির মধ্যে কোনওটিতে দেখা গিয়েছে আগুন জ্বলছে, কোনও ছবিতে আবার দেখা যাচ্ছে বিক্ষোভ চলছে। যেমন রাস্তায় আগুন জ্বালিয়ে একটি বিক্ষোভের দৃশ্যকে গণেশ চতুর্থীর বলে দাবি করেছে বিজেপি। পুলিশের দাবি, সেটি নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময়ের। আবার সরস্বতী পুজোর সময়ের অশান্তি বলে যেটি বিজেপি দাবি করেছিল, পুলিশের দাবি সেটি উত্তরপ্রদেশের লখনউয়ে জাতীয় নাগরিকপঞ্জী বিরোধী আন্দোলনের সময়ে।
এমন বেশ কিছু ছবির সঙ্গে ঘটনাস্থলও উল্লেখ করেছে পুলিশ। পুলিশের দাবি, কোনওটি উত্তরপ্রদেশের, কোনওটি অসমের, আবার কোনওটি কর্নাটকের ম্যাঙ্গালুরুর।








