
কলকাতায় তাপমাত্রার পারদ ফের নামতে শুরু করেছে। সোমবার এক ধাক্কায় দু’ডিগ্রি নেমে গিয়েছে শহরের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে ফের হাড়কাঁপানো ঠান্ডা পড়বে।
নতুন করে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ।সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, সোমবারও দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বিকেলের পর থেকে আকাশ পরিষ্কার হবে। রোদ না-উঠলেও দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়াই থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে জেলায় জেলায় দৃশ্যমানতা নেমে যেতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর জানিয়েছে, দার্জিলিঙে হালকা বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভাবে তুষারপাত হতে পারে। এ ছাড়া, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পঙে।






