
সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সেরেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্রে খবর, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জেলেনস্কিকে জানিয়েছেন ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরে জেলেনস্কি ছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্ট্যামার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেজ-কে ফোন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তা ছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে কথা বলেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো-র সেক্রেটারি জেনারেল মার্ক রুটে এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েনকে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই ফোন কথোপকথনে পুতিনের সঙ্গে বৈঠকের নির্যাস প্রত্যেককে আলাদা ভাবে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।








