
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন খারিজের আবেদন নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। জমি দুর্নীতি মামলায় ইডি ওই আবেদন করেছিল। অর্থাৎ বজায় থাকল ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশই।
হেমন্ত সোরেন প্রসঙ্গে ঝাড়খণ্ড হাইকোর্টের পূর্ববর্তী রায়কে যুক্তিযুক্ত বলেই মনে করছে শীর্ষ আদালত। অতএব, সোমবার শুনানির পরেও বহাল থাকল হেমন্ত সোরেনের জামিন।জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্রর জামিন প্রসঙ্গে এদিন ইডির পক্ষের আইনজীবীর যুক্তি ছিল, জামিনে ছাড়া পেয়ে পুনরায় একই অপরাধ করতে পারেন হেমন্ত সোরেন। যদিও হেমন্ত সোরেনের আইনজীবী জানিয়েছেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। প্রসঙ্গত, ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি লেনদেনের মামলায় জেএমএম নেতা হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল তদন্তের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা ইডি। অবশেষে ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন মঞ্জুর হওয়ায় প্রায় পাঁচ মাস পরে জামিনে মুক্তি পান জেলবন্দি হেমন্ত সোরেন।









