
অসমে ভারতীয় বায়ুসেনার সুখোই জেট ক্র্যাশ করে মৃত ২ পাইলট। অসমের কার্বি আংলং জেলায় ভেঙে পড়েছে ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই এসইউ ৩০ যুদ্ধবিমান। বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়মিত প্রশিক্ষণের সময়েই ঘটে দুর্ঘটনাটি।
জানা যাচ্ছে , বৃহস্পতিবার অসমের জোরহাট থেকে উড়েছিল সুখোই যুদ্ধবিমানটি। তার পরেই তাদের সঙ্গে রেডারে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জোরহাট বিমানঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলংয়ের একটি পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে।
শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে দুই পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। ওই দুই পাইলটের নাম স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর। মৃতদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এই অবস্থায় তাদের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। তাঁদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।








