
মহারাষ্ট্রের নাসিকের শিবাজি নগরে ভয়াবহ দুর্ঘটনা। পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৯ সদস্যর। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন সুনীল দাত্তু ডারগোডে, রেশমা সুনীল ডারগোডে, আশা অনিল ডারগোডে, খুশি, শ্রেয়াস, শ্রাবণী , সমৃদ্ধি, রাখী এবং মাধুরী।
পুলিশ সূত্রে খবর, একটি কোচিং সেন্টারের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মৃতেরা ওই অনুষ্ঠান থেকে চারচাকা গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শিবাজি নগরে চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি রাস্তার ধারের কুয়োর মধ্যে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ডিন্ডোরি থানার পুলিশ এবং এনডিআরএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত বাড়ান। সকলকে উদ্ধার করে স্থানীয় ডিন্ডোরি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক সকলকে মৃত ঘোষণা করেন। পরে হাইড্রা ক্রেন আনিয়ে গাড়িটিকে কুয়োর জল থেকে টেনে তোলা হয়।









