
দুর্নীতি মামলায় ইডির উদ্ধার করা টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া যায় কিনা, তা ভাবছে সরকার।এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, ইডির উদ্ধার করা টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া যায় কিনা, তা ভাবনাচিন্তা করছে সরকার। কারণ অন্তর থেকে তাঁর মনে হয় যে দুর্নীতিগ্রস্তরা গরিব মানুষের টাকা লুঠ করেছে ক্ষমতার অপব্যবহার করে। গরিব মানুষদেরই এই টাকা ফেরত পাওয়া উচিত।এর জন্য যদি আইনত কোনও পরিবর্তন আনতে হয়, তিনি করবেন। তিনি ইতিমধ্যেই লিগ্যাল টিমের সঙ্গে কথা বলেছেন।তাদের কাছে জানতে চেয়েছেন যে উদ্ধার হওয়া এই টাকা নিয়ে কী করা যায়। ন্যায় সংহিতায় এই নিয়ে কিছু ধারা রয়েছে।প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, এক ধরনের দুর্নীতি হয় বড় কোম্পানি বা ব্যবসায়, যেখানে আর্থিক লেনদেন লুকানো হয়। কিন্তু অধিকাংশ মামলাতেই সহজ, সরল সাধারণ মানুষকে ঠকিয়েই এই টাকার দুর্নীতি হয়, যেমন বাংলায় শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। একইভাবে কেরলে কমিউনিস্ট পার্টির পরিচালিত কো-অপারেটিভ ব্যাঙ্কে সাধারণ মানুষের টাকা গায়েব করে দেওয়া হয়েছে ব্যক্তিগত ব্যবসার অংশিদারীর নামে। এভাবে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। লালুপ্রসাদ যাদব তো রেলমন্ত্রী থাকাকালীন গরিব মানুষদের চাকরি দিয়ে, নিজের নামে জমি লিখিয়ে নিয়েছেন।









