
লেনদেনের শুরুতে শেয়ার বাজার পড়ছিল হুড়মুড়িয়ে। দিনের শেষে কিছুটা জমি উদ্ধার হলেও, সূচক বন্ধ হল পতনেই। বৃহস্পতিবার বিশ্ব বাজারে অশোধিত তেলের ব্যারেল পিছু দাম ১২৫ ডলারের পৌঁছে যাওয়ার খবরেই আচমকা সেনসেক্স অতিরিক্ত তেতে ওঠে।
দিনের প্রথমার্ধে ১২৩৭.৫ পয়েন্ট নেমে দাঁড়ায় ৭৬ হাজার ২৫৮.৮৬ অঙ্কে। পড়তে থাকে নিফটি ফিফটিও। পরে অশোধিত তেলের দাম কিছুটা কমে ১০৫ ডলারে নামে। লেনদেনের দ্বিতীয়ার্ধে খানিকটা পয়েন্ট ফিরে পায় দুই সূচকই।
সেনসেক্স এ দিন শেষ পর্যন্ত ৫৮২.৮৬ পড়ে থেমেছে ৭৬ হাজার ৯১৩.৫০ অঙ্কে। আর নিফটি ফিফটি বন্ধ হয়েছে ২৩ হাজার ৯৯৭.৫৫-তে। নেমেছে ১৮০.১০। বাজার বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার সমস্যা, বন্ধ হরমুজ প্রণালী, তেল-গ্যাসের জোগান সঙ্কট, অশোধিত তেলের চড়া দাম ভারতের অর্থনীতিকে কতটা বিকল করবে, সেই আশঙ্কাই শেয়ার বাজারকে অস্থির করছে। ব্রেন্ট ক্রুডেক চড়া দামের প্রাথমিক অভিঘাতে ধস নেমেছিল সূচকে। তবে পড়তি বাজারে কিছু ভাল শেয়ারের কেনাকাটাও হয়েছে। যে কারণে কিছুটা হারানো সম্পদ উদ্ধার করতে পেরেছেন লগ্নিকারীরা।









