
বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়। এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় বেশ দুর্যোগের আশঙ্কা রয়েছে। গত কয়েক দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। তবে আগামী পাঁচ দিনে নতুন করে পারদপতনের বিশেষ সম্ভাবনা নেই।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে।






