
জইশ-ই-মহম্মদের প্রধান এবং ২০০১ সংসদ হামলা, ২৬/১১ মুম্বই হামলা, পাঠানকোট ও পুলওয়ামা হামলার মূল চক্রী মাসুদ আজহার পাকিস্তানে নেই। বরং তাঁর ধারণা, আজহার বর্তমানে আফগানিস্তানে রয়েছেন। এমনই মন্তব্য করে ফের বিতর্কের কেন্দ্রে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী এবং পিপিপি-র নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি।
তিনি বলেছেন, হাফিজ সইদ পাকিস্তানের হেফাজতে রয়েছেন। মুক্ত ঘুরে বেড়াচ্ছেন এমন নয়। আর মাসুদ আজহার এখন আফগানিস্তানেই লুকিয়ে রয়েছেন। বিলাওয়াল ভারতের দিকে বল ঠেলে বলেছেন, যদি ভারত সরকার পাকিস্তানকে তথ্য দেয় মাসুদ আজহার পাকিস্তানের মাটিতে রয়েছেন এবং কোথায় রয়েছেন, তাহলে পাকিস্তান খুশি মনে ওঁকে গ্রেফতার করবে।
এদিকে, বিলাওয়াল সম্প্রতি সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দেন। বলেছেন, সিন্ধু পাকিস্তানের নদী ছিল ও থাকবেও। হয় নদীতে জল বইবে, না হয় রক্ত। এই হুমকির পর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি পাল্টা বলেছেন, ওঁর এমন কথা পাত্তা দেওয়ার প্রয়োজন নেই।









