
আর্জেন্টিনা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৫৭ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আর্জেন্টিনায় দ্বিপাক্ষিক সফরে গিয়েছেন। নরেন্দ্র মোদীর এই সফরে ভারত ও আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে চলেছে বলে আশা। এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পরে প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী রীতিতে স্বাগত জানানো হয়েছে।
এ বার প্রধানমন্ত্রী মোদী আর্জেন্টিনা থেকে বলেছেন, দুই দেশের কৃষি, খনিজ, জ্বালানি, বাণিজ্য, পর্যটন, প্রযুক্তি এবং বিনিয়োগের ক্ষেত্রগুলির উপর বিশেষ নজর দেওয়া হবে। দু’দেশের লক্ষ্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া। সূত্রের খবর, এই সফরে আর্জেন্টিনার রাষ্ট্রপতি জেভিয়ার মিলেইয়ের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী।
এ ছাড়াও বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতিরক্ষা, কৃষি, খনিজ সম্পদ, তেল ও গ্যাস, বাণিজ্য এবং বিনিয়োগ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ২০১৮ সালে নরেন্দ্র মোদী জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনায় গিয়েছিলেন।









