
বিশ্বকাপের আগে সেলেসাওর নতুন রূপ। সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশের পর দীর্ঘদিন অপেক্ষার পর সুখবর পেয়েছেন ভক্তরা।ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ঐতিহাসিক জর্ডান ব্র্যান্ড জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ব্রাজিলের।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আনুষ্ঠানিকভাবে জর্ডান ব্র্যান্ডের সঙ্গে এক অভিনব অংশীদারিত্ব ঘোষণা করেছে।এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো জাতীয় ফুটবল দলের জার্সিতে দেখা যাবে আইকনিক,জাম্পম্যান লোগো। আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচেই এই ঐতিহাসিক জার্সির অভিষেক হওয়ার কথা রয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন,সিবিএফ জানিয়েছে, জর্ডান ব্র্যান্ডের সঙ্গে তাদের এই চুক্তি একটি মাইলফলক।সাও পাওলোতে তারকাখচিত এক অনুষ্ঠানে নতুন অ্যাওয়ে জার্সি লঞ্চ করা হয়। প্রচলিত ধারা ভেঙে এখানে নাইকির পরিচিত সুইশ লোগোর জায়গায় ব্যবহার করা হয়েছে মাইকেল জর্ডানের বিখ্যাত জাম্পম্যান প্রতীক—যা ফুটবলের ঐতিহ্যকে বিশ্বখ্যাত স্ট্রিটওয়্যার সংস্কৃতির সঙ্গে এক সুতোয় গেঁথেছে।তথ্য অনুযায়ী, ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের অ্যাওয়ে জার্সিতে থাকবে জাম্পম্যান লোগো। সিবিএফ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ে জার্সিটি লঞ্চ করেছে।
প্রচারের ভিডিওতে নতুন জার্সির স্লোগানও তুলে ধরা হয়,আগের বিখ্যাত জোগো বোনিতো অর্থাৎ সুন্দর ফুটবল খেলোর বদলে এসেছে,জোগা সিনিসত্রো অর্থাৎ চোখধাঁধানো ফুটবল খেলো।









