
পরিত্যক্ত জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক করে অন্তত ২৪ জন অসুস্থ হয়ে পড়েছে পুনের কন্ধোয়ায়। যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের মধ্যে দু’জন দমকলকর্মীও রয়েছেন। সকলকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত ১টা নাগাদ শোধনাগারের গোডাউনে থাকা একটি পুরনো ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করতে শুরু হয়। কিছু ক্ষণের মধ্যেই ওই গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
তাতেই অসুস্থ হয়ে পড়েন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এলাকার লোকজনকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই সময়েই দেখা যায়, ২২ জন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। উদ্ধারকাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন দু’জন দমকলকর্মীও। তাঁদের দ্রুত স্যাসুন জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।






