
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই পিকআপ ভ্যান উল্টে মধ্যপ্রদেশের ধর জেলায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জন শ্রমিকের। তাদের মধ্যে কয়েকজন শিশু ও মহিলাও রয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।
বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ, অন্তত ৪৬ জন শ্রমিককে নিয়ে ধরের দিকে আসছিল ওই পিকআপ ভ্যানটি। চিকলিয়ার একটি পেট্রোল পাম্পের কাছে, আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় আহতদের দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের আত্মীয়দের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, মৃতের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।






