
ব্রিগেডে জনসভার নামে কলকাতায় গুন্ডাবাহিনী ঢুকিয়েছে বিজেপি। আক্রমণ করেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় পোস্টে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার প্রসঙ্গ টেনে তৃণমূল প্রশ্ন তুলেছে লাঠি, বোমা, ইট, বোতল নিয়ে জনসভা করেছে বিজেপি। শহরের রাজপথে তাণ্ডব চালাচ্ছে। ছাড় পায়নি মহিলা পুলিশও।
বাংলা দখল করতে গুন্ডারাজ চালাতে চাইছে বিজেপি। রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার দাবি যাঁরা তার বাড়িতে হামলা চালিয়েছে তাঁরা খুনি। ইট, কাচের বোতল, লাঠি নিয়ে দলীয় কর্মীদের ওপর আক্রমণ করেছে। তাঁকেও মেরেছে বলে অভিযোগ। মন্ত্রী আরও বলেছেন এরা বাংলার নয়, বাইরে থেকে গুন্ডা, খুনিদের নিয়ে এসে হামলা চালানো হয়েছে। যার পাল্টা দিয়েছেন মিঠুন চক্রবর্তী। ব্রিগেডের সভা থেকে অভিনেতা বলেছেন পুলিশ নিরপেক্ষ থাকলে ৩০ সেকেন্ডের মধ্যে তৃণমূলের খেলা শেষ হয়ে যাবে। তাঁর কথায় তিনি বাতেলা দেন না। যা বলেন স্ট্রেইট কাট বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মিঠুন চক্রবর্তী বলেছেন ওনার মত মিথ্যেবাদী চিফ মিনিস্টার কখনও দেখেননি। যত ধরণের মিথ্যে কথা বলেন। তাঁর কথায় এরাজ্যে অরাজক সরকার চলছে।
যে সরকারের আমলে বাংলায় কোনও উন্নতি হয়নি, বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে স্রেফ নিজের রাজনীতির জন্য। তাঁর দাবি তৃণমূল টিকে রয়েছে শুধুমাত্র পুলিশের জন্য। পুলিশ সরে গেলে সব শেষ।









