
নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে দেশে ১৩ বছরে ভোটদানের রেকর্ড ভেঙেছে পশ্চিমবঙ্গ। দুই দফা মিলিয়ে ৯২ শতাংশের ওপরে ভোেট পড়েছে।
নানা কারণে যাঁরা ভোট দিতেন না বা নানা কারণে যাঁরা ভোট দিতে পারতেন না। এসআইআর পর্বের পর তাঁরা অনেকেই এবার ভোট দিয়েছেন। ফলে ভোটদানের রেকর্ড বৃদ্ধি হয়েছে। তবে ২০২১-র তুলনায় ৫১ লাখ ভোটার কম ছিল। কিন্তু গতবারের তুলনায় ৩০ লক্ষাধিক মানুষ এবার বেশি ভোট দিয়েছেন। তার মধ্যে ২১ লাখই রয়েছেন প্রথম দফায়। তবে বিধানসভা ভিত্তিক হিসেবে ফারাক রয়েছে। প্রথম দফায় ভোটদাতাদের সংখ্যা বেড়েছে ১৪ হাজারেরও বেশি। দ্বিতীয় দফায় বৃদ্ধির পরিমাণ সাড়ে ৬ হাজারের বেশি। ২০১১-র পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে এতদিন সবচেয়ে বেশি ভোটদানের নজির ছিল ওই বছরে। ভোট পড়েছিল ৮৪ শতাংশ।
সেই বছর ৩৪ বছরের বাম শাসনের অবসান হয়েছিল। পরিবর্তনের হাওয়ায় রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল।








