
চোখে অস্ত্রোপচারের পরে কালো চশমা পড়ে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় হাজির হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি বিদেশ থেকে চোখের অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মেয়ে আজানিয়াকে সঙ্গে নিয়ে তিনি পুজোয় এসেছিলেন। প্রতি বছর মুখ্যমন্ত্রীর বাড়িতে ধুমধাম করে কালীপুজো হয়। অভিষেক সেখানে উপস্থিত থাকেন। এ বছরও তার অন্যথা হয়নি। মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর বিগ্রহের উদ্দেশেও তিনি প্রণাম জানিয়েছেন। হোমের সময়ে মমতার পাশেই বসেছিলেন অভিষেক। পুজোয় হাজির ছিলেন অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় , কাকিমা কাজরী বন্দ্যোপাধ্যায়রা, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পুজোর জোগাড়ের কাজে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে।
এ ছাড়া, মমতার বাড়ির পুজোয় ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার মতো পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্তারা। তৃণমূলের প্রথম সারির নেতা, সাংসদ, বিধায়কদেরও পুজোয় উপস্থিত থাকতে দেখা গিয়েছে।






